আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

বরিশাল জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানীদের গণণার হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপন হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

দেশটির অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৭ মে রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। মহাকাশ গবেষণা তথ্যের ভিত্তিতে তিনি জানান, আকাশ পরিষ্কার থাকলে ওই রাতে খালি চোখেই নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

যদি ১৭ মে জিলহজের চাঁদ দেখা যায়, তাহলে আগামী ১৮ মে (সোমবার) ওই মাসের প্রথম দিন গণনা করা হবে। সে হিসেবে, জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফা দিবস পড়বে ২৬ মে (মঙ্গলবার)। পরের দিন ২৭ মে (বুধবার) আরব আমিরাতে পবিত্র কোরবানির ঈদ পালিত হবে।

 

তারিখগুলো পুরোপুরি বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তবে জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা পালিত হবে। দেশটির চাঁদ দেখা কমিটি ঈদের চূড়ান্ত ও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে বলে জানান তারা।

 

এর আগে পাকিস্তানের বিশেষজ্ঞ ও চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশ জোরালো। কারণ, ১৭ মে করাচি, পেশোয়ারসহ বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে—যা খালি চোখে দেখার জন্য পর্যাপ্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের রিসার্চ কাউন্সিলের হিসাব অনুযায়ী, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের (নিউ মুন) জন্ম হবে, যা ইসলামী মাস গণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।

 

বিশ্লেষণে আরও বলা হয়েছে, ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। সাধারণত চাঁদ দৃশ্যমান হওয়ার জন্য এই বয়সকে যথেষ্ট ধরা হয়। যদি ওই দিন আকাশ পরিষ্কার থাকে, তাহলে সন্ধ্যায় সহজেই জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস, আর ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

 

তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপর। যদি কোনো কারণে ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে।

 

এদিকে সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন হবে হজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top