বক্তব্য দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। আজ (১৯ জানুয়ারি) এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া শহর পৌর আমির এনামুল হক। তিনি বলেন, ‘কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। বক্তব্য দিতে দিতে তিনি স্ট্রোক করেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top