বরিশাল জার্নাল ডেস্ক
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ দিন ভোলার চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার সামনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাত ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আরেক নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, গত ৭ তারিখ তিনি অফিসে এসেছিলেন। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
ড. আ জ ম ওবায়েদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। জনপ্রিয় মোটিভেশনাল বই ‘তরুণ তোমার জন্য’ এর রচয়িতা এই মেধাবী শিক্ষাবিদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের সদস্য। তিনি সুবক্তা হিসেবে তরুণদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন। জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি তিন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।




