বরিশাল জার্নাল ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লা আবু আম্বার ওরফে জুনুনিকে দুটি মামলায় আদালতে হাজির করা হয়।
আদালত প্রাঙ্গণে আতাউল্লা আবু আম্বার ওরফে জুনুনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা আরাকানে জমি পাবে। আমরাই পাব ইনশাআল্লাহ। আরাকানের জমিন আমাদের। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘ইউনূস সরকার ভালো’।
সোমবার সকালে প্রথমে আতাউল্লাকে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পালের আদালতে চলমান মামলায় হাজির করে পুলিশ। পরে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমলি আদালতের বিচারক নাজমুল হোসেনের আদালতে তদন্তাধীন মামলায় হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বান্দরবান পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী জানান, ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলাসহ দুটি মামলায় প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ফের জেলহাজতে পাঠানো হয়েছে।




