মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহাউদ্দিন উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১৯জুন (বৃহস্পতিবার) সকাল দশটায় বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গণে মোঃ শামীম শরীফের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগের জন্য কলেজের অধ্যক্ষ হিসেবে ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।
প্রফেসর মোয়াজ্জেম আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।
তিনি বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়। বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
১ লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে মাসব্যাপী এই বৃক্ষরোপণ ও বিতরণের অংশ হিসাবে এদিন কলেজের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়। পরে প্রায় একশো সাধারণ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলমূলসহ গাছের চারা বিতরণ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, সঞ্জিপ কুমার সরকার, নীল কমল, আমিনুল এহসান, ইয়াদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বোরহানউদ্দিন পৌরসভা শাখার সভাপতি মঈন বিন সাইফুল্লাহ, কলেজ সেক্রেটারি সিয়াম, অফিস সম্পাদক রেদওয়ান সিকদার, অর্থ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।




