পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল বড় ব্যবধানে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অ্যাড. ওয়াহিদ সরোয়ার নির্বাচনি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেন। একটি ব্যালট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪০৮।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট। সহসভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন পেয়েছেন ৬৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে জয়ী হন। একই পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পেয়েছেন ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পান ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট। সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পেয়েছেন ১৩৩ ভোট।

 

বিজয়ী সভাপতি মো. মজিবুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা ভোট প্রদান করেছেন। তাদের এই সমর্থনের ফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করবো।

 

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের এই বিজয় উৎসর্গ করছি। আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করে সমিতির সুনাম অক্ষুণ্ণ রাখবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top