নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হিজলা উপজেলার আতিকুর রহমান, শাহীন হোসেন ও রিয়াজের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (৫ জুন) উপস্থিত হয়ে শহীদ পরিবারের নিকট জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং শহীদদের কবর জিয়ারত করেন।
মতবিনিময়কালে তিনি শহীদ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শহীদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শহীদ পরিবারবর্গ শহীদদের রেখে যাওয়া স্মৃতিচারণ করেন এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহবান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা সাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা সভাপতি খলিলুর রহমানসহ জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।




