শহীদ জসিমের পরিবারের জন্য ঘর বানাচ্ছে বানারীপাড়া জামায়াত

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হাফেজ জসিমউদ্দিনের পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলায়। সলিয়াবাকপুর ইউনিয়নের এই শহীদ পরিবারের জন্য বানারীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে ও অর্থায়নে এ বাসভবন নির্মাণ শুরু করা হয়।

বুধবার (১২ জুন) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদের মা। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমীর কাওসার হোসাইন, সলিয়াবাকপুর ইউনিয়ন আমীর ক্বারী আনোয়ার হোসেন, চাখার ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম চাখারী, স্থানীয় জামায়াত নেতা ইসহাক খান, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জসিমউদ্দিন ছিলেন জুলাই আন্দোলনের একজন সাহসী সন্তান। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ও পরিবারকে সহায়তা করতে এ মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য শহীদ ও নির্যাতিত পরিবারকেও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শহীদের পরিবারের পাশে দাঁড়ানোকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top