বানারীপাড়ার বাইশারীতে ভয়াবহ ডাকাতি : গ্রেফতার ১

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দফাদারবাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে মিজানুর রহমানকে জিম্মি করে ফেলে। এরপর তার মুখ, হাত ও পা বেঁধে মারধর করে। এ সময় এক ডাকাতের মুখোশ খুলে গেলে মিজানুর রহমান তাকে চিনে ফেলেন, যার নাম শহিদুল ইসলাম মানিক বলে জানা গেছে।

ডাকাতরা পরে বাবুল মিয়ার পুত্রবধূ নুসরাত শারমিন সোমা এবং তার এক বছরের শিশু সামিয়ার গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর তারা ঘরের ওয়ার্ড রোব, আলমিরা, স্টিলের বাক্স, ট্রলি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে হজে যাওয়ার জন্য জমা রাখা নগদ দুই লক্ষাধিক টাকা এবং প্রায় ১৮-২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ডাকাত দল প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে বাড়ির ভেতরে অবস্থান করে এবং ফজরের আজানের কিছু আগে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যায়।
ডাকাতদের আচরণ ও ভাষা অনুযায়ী তারা স্থানীয়, এবং বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে জানান ভুক্তভোগী বাবুল মিয়া। তিনি আরও জানান, তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম ঢাকায় হজ প্রশিক্ষণে রয়েছেন এবং ১মে এই দম্পতির হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে।

ঘটনার পরদিন, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে মিজানুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিকসহ দু’জনের নাম উল্লেখ করে এবং ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফার নেতৃত্বে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওইদিন সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দরবাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম মানিককে (৫০) গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি মো. মোস্তফা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top