বাকেরগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’র প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ

 

এইচ. এম. খলিল, বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর বিএনপির ‘একতরফা ও মনগড়া পকেট কমিটি’ বাতিলের প্রতিবাদে ১২ই মে সোমবার সকাল ১১ টায়া বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হারুন আর রশিদ সিকদারের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, প্রবীণ বিএনপি নেতা রত্তন আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে এ্যাড. নজরুল ইসলাম খান রাজন বলেন, অনতিবিলম্বে বরিশাল জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটির আহবায়ক আবুল হোসেন খানের গঠন করা উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বাকেরগঞ্জ উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপির মনগড়া পকেট কমিটি করা হয়েছে। এগুলো অবিলম্বে বাতিল করে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে কমিটি করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top