পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 

বাবুগঞ্জ (বরিশাল) উপজেলা প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগন্জ উপজেলা আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পুরস্কারপ্রাপ্ত একজন ছাত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

এরপর অভিভাবকদের সাথে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি ও সফলতা নিয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষকবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। সেই কারিগর হতে হলে তোমাদের হতে হবে কঠোর পরিশ্রমী ও পড়াশোনার প্রতি মনোযোগী।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখেন, তাদের পড়াশোনার বিষয়গুলো নিয়মিত খোঁজখবর নেন, তাহলে তারা অবশ্যই আগামীর উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে উঠবে।

তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং বলেন, যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনায় কোনো অসুবিধা থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে যেকোনো সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত।

অভিভাবকরা মনে করেন, এ ধরনের সভা শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top