মাহমুদুল হাসান, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
‘সমাজ নষ্ট হয় সমাজের নীতিবান মানুষদের চুপ থাকার কারণে’ জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন প্রধান অতিথি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান।
২৬ জুলাই শনিবার অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা ও সাম্যতার মানবিক দর্শন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা কৃষি কর্মকর্তা তনয় সিংহ এবং উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন।
বক্তারা বলেন, সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীর মর্যাদা রক্ষা ও শিশুদের নিরাপদ পরিবেশ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্য ও মানবিক চেতনা জাগ্রত করাও জরুরি।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজন শেষ হয়।
এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জুলাই শহীদদের, যাঁদের আত্মত্যাগ আজকের সামাজিক জাগরণ ও মানবিক চেতনার অনুপ্রেরণা।




