গৌরনদী উপজেলা জামায়াতের অফিস উদ্বোধন

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

দীর্ঘদিন পর আবারও নিজস্ব উপজেলা অফিস চালু করলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখা। শুক্রবার (২০ জুন) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের দক্ষিণ পাশে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ বায়েজিত শরীফ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আলাউদ্দিন, গৌরনদী পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাফিজুর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। গৌরনদীতে আমাদের অফিস পুনরায় চালু হওয়া আমাদের এই অঞ্চলে ইসলামী আন্দোলনের গতিকে নতুন করে জোরদার করবে।

মাওলানা আল-আমীন বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা আজ আবার গৌরনদীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালু করতে পারছি। ইনশাআল্লাহ, এ অফিস হবে ইসলামী চিন্তা ও সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, এই অফিস শুধু একটা ভবন নয়, এটা একটি বার্তা—আমরা পিছিয়ে নেই। আমরা মানুষের অধিকার, ন্যায়বিচার আর আদর্শিক রাজনীতির পথে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top