গুণ্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতায় যেতে পারবে না : ডা. তাহের

 

বরিশাল জার্নাল ডেস্ক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায় হয়ে আছে। পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। তাই বাংলাদেশকেও এমন ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

ডা. তাহের বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

ভবিষ্যতের রাজনৈতিক সংস্কারের দিক নির্দেশ করে তিনি বলেন, আমরা চাই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক—লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

ডা. তাহের আরও বলেন, গুণ্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই হতে হবে একমাত্র পথ।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার হাতে ইতোমধ্যে একটি নোবেল এবং অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে সামনে আরও একটি নোবেল পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে আপনি সঠিক রেললাইনে উঠিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করুন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ২১ জুন শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টীম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন। এছাড়া বরিশাল অঞ্চলের ২১ টি আসনের নমিনিবৃৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্য কিংবা বিশেষ দলের প্রতি অনুরাগ জনগণ মেনে নেবেনা। মানুষ অনেক দলকে দেখেছে শান্তি পায়নি, এখন ইসলামী শাসন দেখতে চায়। জনগণের মনের চাওয়া হচ্ছে জামায়াতে ইসলামী, তাই তাদের চাওয়ার প্রতিফলন ঘটাতে জামায়াতের প্রত্যেক জনশক্তিকে সচেষ্ট ভুমিকা পালন করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top