সাজিন আহম্মেদ, কামারখালী : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাকেরগঞ্জের কামারখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনতা। ইমাম কল্যাণ ট্রাষ্ট দাড়িয়ালের উদ্যোগে শনিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল পুরো বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ ব্রিজে এসে সমাবেশ এ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দাড়িয়াল ইউনিয়ন ইমাম কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা নুরুল হক। আরো বক্তব্য রাখেন মাওলানা মাহবুব হোসাইন ইলিয়াস, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় ইমাম ও আলেমবৃন্দ।
বক্তব্যে তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আর জনগনকে ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যে সকল রাজনৈতিক দল এখনো ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে কথা বলে না আমরা তাদের মুনাফিক ও ইহুদীবাদী ইসরাইলের দালাল হিসাবে চিহ্নিত করতে চাই।
দাড়িয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল নিয়ে সাধারণ মানুষ এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। তাদের হাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন ধরণের ব্যানার ও ফেস্টুন দেখা যায়। স্লোগানে স্লোগানে তারা ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে ইসরায়েলের ধ্বংস ও ফিলিস্তিনের মুসলিমদের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।



