নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গৌরনদীতে জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে ইসরাইলি বর্বরতার প্রতিবাদ ও ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সংহতি জানান নেতৃবৃন্দ। ফিলিস্তিনিদের আহ্বানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাও কামরুল ইসলাম খান, অধ্যাপক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন, আগৈলঝারা উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দখলদার রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তবে তাদের এবারের গণহত্যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্ব সম্প্রদায় মানবতার বিরুদ্ধে এসব অপরাধ দেখেও না দেখার ভান করছে।
নেতৃবৃন্দ ইসরাইলকে থামাতে মুসিলম বিশ্বসহ সকালের দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।




