শিগগিরই মীরগঞ্জ-মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু হবে : নৌ পরিবহন উপদেষ্টা

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, খুব দ্রুত মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু করা হবে এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি শুক্রবার ৯ মে বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-মুলাদীর সন্ধ্যা নদীর মিরগঞ্জ সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের একটি বোর্ডে মিরগঞ্জ ফেরিঘাটে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থানকালে মুলাদী মীরগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জনগণকে আশ্বস্ত করেন নদী শাসন এর মাধ্যমে নদীর ভাঙ্গন প্রতিরোধ করেই মুলাদী-মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ করা হবে।

উপদেষ্টা ০৯ মে ২০২৫ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজ থেকে হিজলা উপজেলার উদ্দেশ্যে কোস্টগার্ডের সহযোগিতায় স্পীডবোটযোগে যাত্রা করে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে মিরগঞ্জে কিছু সময়ের জন্য অবস্থান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, বিআইডব্লিউটির চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কামরুন নাহার প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top