আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ডসংখ্যক রোগীকে সেবা প্রদান

 

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রবিবার (১৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন। সভায় এমওডিসি ডা. মিরন হালদার, এমওআইসিটি ডা. সবুজ রায়সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, গত মে মাসে আউটডোর বিভাগে ৪ হাজার ১৫৬ জন রোগী সেবা গ্রহণ করেছেন, যা অতীতের তুলনায় সর্বোচ্চ। এছাড়া আন্তঃবিভাগে ১ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন, যা হাসপাতালের ১৫০০ জনের ধারণক্ষমতা ছাড়িয়েছে। এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায়ও হাসপাতালটি অতীতের সকল রেকর্ড ভেঙেছে।

এই সাফল্যের জন্য হাসপাতালের কর্মীদের নিষ্ঠা ও টিমওয়ার্কের প্রশংসা করেন ডা. গোলাম মোর্শেদ সজীব। তিনি বলেন, এই অর্জন জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ। আমরা সেবার মান আরও বাড়াতে কাজ করব। তিনি অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ বৃদ্ধি এবং রোগীদের জন্য সেবা সহজলভ্য করার নির্দেশনা দেন।

ডা. শিশির কুমার গাইন বলেন, সীমিত সম্পদেও আমরা সর্বোচ্চ সেবা দিচ্ছি। জনগণের ভরসাই আমাদের শক্তি।

সভায় ভবিষ্যৎ পরিকল্পনা, জনবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের বিষয়ে প্রস্তাব উঠে আসে। এই সভা হাসপাতালের সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সমাপ্ত হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top