৩৮৬ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট

বরিশাল জার্নাল ডেস্ক

বৃষ্টির পর বেশিক্ষণ স্থায়ী হলো না পাকিস্তানের ইনিংস। বিকাল ৪টা ১৫-তে শুরু হয়েছিল দিনের তৃতীয় সেশনের খেলা, পাকিস্তান যখন অলআউট হলো তখন ঘড়িতে বাজে ৫টা ১০ মিনিট। এক ঘণ্টারও কম সময়ে পাকিস্তানের শেষ ৪ উইকেট তুলে নিলেন বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের।

প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট ৩৮৬ রানে। বাংলাদেশের লিড ২৭ রানের। ১০২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১৪তম বারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন এই অফস্পিনার।

মিরাজ ছাড়াও আরেক স্পিনার তাইজুল ইসলাম ৪৬ রানে ২ উইকেট শিকার করেন। পেসারদের মধ্যে ৭০ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর নাহিদ রানা নিয়েছেন ১০৪ রানে ১টি।

পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস। তার ব্যাট থেকে এসেছে ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রানের ইনিংস। এছাড়া আব্দুল্লাহ ফজল ৬০, সালমান আগা ৫৮ এবং মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করেন।

বৃষ্টির কারণে খেলার সময় নষ্ট হওয়ায় আলো থাকা সাপেক্ষে তৃতীয় দিনের খেলার সময় বাড়ানো হয়।  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করেছে। এতে লিড হয়েছে ৩৪ রানের। মাহমুদুল ২ এবং সাদমান ০ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল ৯টা ৪৫ মিনিটে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top