মোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার বাদ পড়ার প্রায় তিন মাস পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বললেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

 

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই।’

তিনি আরও যোগ করেন, ‘কখনও কখনও এমন ঘটনা ঘটে।

আমার মতে, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কিছু পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।’ 

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনকি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় তারা। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বিসিবি জানায়, ম্যাচগুলো ভারতের বাইরে সরানো না হলে বাংলাদেশ দল অংশ নেবে না। 

তবে বিসিবির এই অনুরোধ নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন মোস্তাফিজুর রহমান।

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দেওয়া এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত দুটি ম্যাচে অংশ নিয়ে নিয়েছেন ২টি উইকেট। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top