আওয়ামী লীগের রাজনীতিই করতে চান সাকিব

ক্রীড়া ডেস্ক

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সবমিলিয়ে নানা জটিলতা ও পরিস্থিতির কারণে সেই ফেরা আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেছেন, দেশের মাঠ থেকেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।

এদিকে ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচন (মাগুরা-১ আসন) করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশিদিন দায়িত্ব পালনও করতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে রাজনীতি নিয়েও খোলাসা করেছেন সাকিব। সেখানে তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগের হয়েই রাজনীতি করার ইচ্ছা তার।

সাকিব বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’

বারবার দল পরিবর্তনের কোনো ইচ্ছা নেই জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি, তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’

বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিন্ধ রাখা হয়েছে। তবে, তা সবসময় থাকবে না বলেও বিশ্বাস সাকিবের। এ নিয়ে সাকিব বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top