৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফিজরা

বরিশাল জার্নাল ডেস্ক

জয় দিয়েই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর শুরু করেছিল লাহোর কালান্দার্স। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই বিতর্কে জড়াল মুস্তাফিজুর রহমানের দল। ওপেনার ফখর জামানের বিরুদ্ধে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

এদিন লক্ষ্য তাড়ায় ইনিংসের শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচির। বোলিংয়ের জন্য হারিস রউফ প্রস্তুতি নিচ্ছিলেন। এই পেসারের ক্যাপ নিয়ে আম্পায়ার ফয়সাল আফ্রিদিকে দেওয়ার পর রউফের সঙ্গে কথা বলছিলেন শাহীন ও ফখর। তবে তাদের দিকেই নজর রেখেছিলেন আম্পায়ার ফয়সাল। একপর্যায়ে ফখরের হাতে বল তুলে দেন শাহীন। সে সময়ে এই ওপেনারকে নখ দিয়ে বল ঘষতে দেখা যায়। পরে রউফকে ফখর বল ফিরিয়ে দেওয়ার পরপরই সেটি পরীক্ষা করে বল বিকৃতির অভিযোগ আনেন পাকিস্তানি এই আম্পায়ার।

ফিল্ডিং দল ইচ্ছাকৃতভাবে বলের কন্ডিশন পরিবর্তন করার শাস্তি হিসেবে লাহোরের ৫ রানও কেটে নেওয়া হয়। এতে শেষ ওভারে করাচির লক্ষ্য দাঁড়ায় ৯ রান। শেষপর্যন্ত দুই বলে টানা চার-ছক্কা হাঁকিয়ে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে দলের জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি।

এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘আমি এটা সম্পর্কে জানি না। আমরা কথা বলব। পাঁচ রানের শাস্তি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। আমরা দেখব (আম্পায়াররা কী বলেন)।’

এদিকে ডিসিপ্লিনারি শুনানিতে ম্যাচ রেফারি রোশান মহানামার আরোপিত অভিযোগ অস্বীকার করেন ফখর জামান। তবে ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি হবে।

এর আগে, ৯ উইকেটে ১২৮ রান করেছিল লাহোর। ৪ ওভারে ২ উইকেটে ১১ রান দেন অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ম্যাচ হারলেও বেশ কিপ্টে বোলিং করেন মুস্তাফিজ। ৪ ওভারে ২০ রান খরচায় ১ উইকেট নেন কাটার-মাস্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top