ভারতের সঙ্গে ড্র, সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বরিশাল জার্নাল ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর এক লড়াইয়ে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ফলে সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে লাল-সবুজের দল।

 

শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ১৭ মিনিটেই এগিয়ে যায় ভারত। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন বিশাল যাদব।

 

গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। আক্রমণের চাপ বাড়ালেও প্রথমার্ধের শেষ দিকে এসে সফলতা পায় তারা। বিরতির যোগ করা সময়ে রোনান সুলিভানের নেওয়া কর্নার থেকে জোরালো শটে সমতা ফেরান বদলি হিসেবে নামা আব্দুল রিয়াদ ফাহিম।

 

প্রথমার্ধে সমতায় ফেরার আগে বড় ধাক্কাও খেতে হয় বাংলাদেশকে। চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার আশিকুর রহমান। তাকে স্ট্রেচারে করে বাইরে নেওয়ার পরই মাঠে নামেন ফাহিম, যিনি পরে দলের জন্য গুরুত্বপূর্ণ গোলটি করেন।

 

বিরতির আগে ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটেও। একটি শক্ত ট্যাকলকে কেন্দ্র করে কোচিং স্টাফদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। পরে রেফারি ভারতের এক স্টাফকে হলুদ কার্ড এবং বাংলাদেশের হেড কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান।

 

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তবে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল আসেনি। ৬৪ মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক মাহিন, ভারতের ওমং দোদুমের শট দারুণভাবে প্রতিহত করে।

 

ম্যাচের শেষ দিকে কৌশলগত পরিবর্তনও চোখে পড়ে। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকায় ভারত রক্ষণভাগ শক্ত করে, আর বাংলাদেশ জয় খুঁজতে আক্রমণে ঝাঁপায়। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

 

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত, তাদের প্রতিপক্ষ ভুটান। অন্যদিকে রানার্সআপ বাংলাদেশ শেষ চারে মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top