পদত্যাগ হিড়িকে বিসিবিতে অস্থিরতা

বরিশাল জার্নাল ডেস্ক

ইশতিয়াক সাদেক-আমজাদ হোসেনের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন তিনি। এ তিন পরিচালকের পদত্যাগের পর বর্তমানে বিসিবি পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৫ থেকে কমে ২২-এ দাঁড়াল।

বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। পরবর্তীতে পান বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। হুট করে কেন এই পদত্যাগের সিদ্ধান্ত এলোÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ব্যক্তিগত কারণ’।

সাম্প্রতিক সময়ে বেশ টালমাটাল পরিস্থিতে আছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিভিন্ন সিদ্ধান্তে তৈরি হয়েছে এই অস্তিরতা। সেসব সিদ্ধান্ত মানতে না পেরে প্রকাশ্যে সমালোচনাও করেছেন অনেক পরিচালক। তাতে স্পষ্ট কতটা বিভেদ তৈরি হয়েছে বিসিবিতে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের কথা চিন্তা করে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদে না থাকাকেই শ্রেয় মনে করছেন অনেকে।

একাধিক পরিচালকের মতে, বর্তমান পরিস্থিতিতে আরো অনেক পরিচালক পদত্যাগ করতে পারেন। তবে কারা কারা ওই তালিকায় আছেন, সে বিষয়ে কিছু বলতে নারাজ তারা।

বিসিবির এই বিভেদের ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে অনেক পরিচালকের দূরত্ব তৈরি হয়েছে। এক পরিচালক তো অভিযোগ করে বলেছিলেন, পাঁচ-সাতজন ছাড়া কারো সঙ্গে আলোচনাই করেন না সভাপতি বুলবুল। ফলে কোনো সিদ্ধান্ত হলে সেটা অজানাই থেকে যায় তাদের। এমন অজান্তে হওয়া সিদ্ধান্ত এবং বুলবুলের একক কর্তৃত্ব অনেক পরিচালককে পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছেÑসেটা এখন স্পষ্ট তাদের আচরণে। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top