
বরিশাল জার্নাল ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মানিকের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে লাল-সবুজের তরুণরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের শুরুতেই মোর্শেদের দারুণ এক চিপ থেকে বক্সে উঠে নিখুঁত হেডে বল জালে পাঠান মানিক। সেই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।
এর কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল বাংলাদেশ। রোনান সুলিভান দারুণ দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশ ডাগআউট থেকে আপত্তি থাকলেও শেষ পর্যন্ত ১-০ লিড নিয়েই বিরতিতে যায় দল।
বিরতির পর ম্যাচের চিত্র কিছুটা বদলায়। নেপাল আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে যায়। তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন ছিলেন আত্মবিশ্বাসী, গুরুত্বপূর্ণ সেভে দলকে এগিয়ে রাখেন তিনি।
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছে। ম্যাচের শেষ দিকে রোনান ও তার ভাই ডেকলান একসঙ্গে আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা মেলেনি।
শেষ দিকে যোগ করা সময়ে দুই দলই মরিয়া হয়ে ওঠে, কিন্তু আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।




