‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবলের দুই আইকন থিয়াগো সিলভা ও নেইমার জুনিয়র। দীর্ঘ সময় ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন দুজনে। এবার সাবেক সতীর্থের হয়ে কথা বললেন সিলভা। তিনি জানালেন, নেইমার সুস্থ থাকলে ২০২৬ বিশ্বকাপে তাকে দলে না রাখার কোনো প্রশ্নই ওঠে না।

টিএনটি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে সিলভা জোর দিয়ে বলেন, ‘যদি নেইমার ফিট থাকে, তবে তাকে বিশ্বকাপে খেলাতেই হবে। বর্তমানে সে যে পর্যায়ে খেলে, তাতে তার যাওয়াটা নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। এটা অনস্বীকার্য। নেইমার যখন মাঠে থাকে, বিপক্ষ দলের জন্য সে এক বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।’

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন নতুন স্বপ্ন দেখছে। মার্চের শেষে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেইমারের নাম রয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আনচেলত্তির অগাধ আস্থা বরাবরই বেশি। আর নেইমার সেই মাপকাঠিতে সবার ওপরে।

২০২৬ মৌসুমে সান্তোসের হয়ে নেইমার এখন পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি মাঠে ফিরলেও সর্বশেষ মিরাসোলের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর সাম্প্রতিক গুরুতর চোট নেইমারের জন্য ফেরার পথটা আরও প্রশস্ত করে দিয়েছে। রদ্রিগোর অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে নেইমারের অভিজ্ঞতার মূল্য এখন অনেক বেশি।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আর মাত্র তিন মাস বাকি। এই সময়ের মধ্যে নেইমার ব্রাজিলিয়ান লিগে নিয়মিত গোল এবং ফিটনেস প্রমাণ করতে পারলে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top