
ক্রীড়া ডেস্ক
২০২৬ সালের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদের এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার।
নতুন চুক্তিতে খেলোয়াড়দের পারিশ্রমিক অনুযায়ী চারটি গ্রেড—এ, বি, সি ও ডি নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ প্লাস’ গ্রেডের জন্য মাসিক ১০ লাখ টাকা বেতন নির্ধারিত থাকলেও এবার সেই গ্রেডে কাউকে রাখা হয়নি। ফলে কার্যত ‘এ’ গ্রেডের ক্রিকেটাররাই পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক।
মাসিক ৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন চারজন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। শীর্ষ গ্রেড ফাঁকা থাকায় তারাই এবারের সর্বোচ্চ বেতনভোগী ক্রিকেটার।
সবচেয়ে বড় তালিকা ‘বি’ গ্রেডে। মাসিক ৬ লাখ টাকা বেতনের এই স্তরে রয়েছেন ১১ জন ক্রিকেটার। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম ছাড়াও আছেন তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘সি’ গ্রেডে মাসিক ৪ লাখ টাকা বেতন পাবেন ৬ জন ক্রিকেটার—সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
অন্যদিকে সর্বনিম্ন ‘ডি’ গ্রেডে (২ লাখ টাকা মাসিক) রাখা হয়েছে ৭ জনকে। এই তালিকায় আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।
সব মিলিয়ে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে নতুন বছরের জন্য জাতীয় দলের কাঠামো সাজিয়েছে বিসিবি, যেখানে পারফরম্যান্স অনুযায়ী বেতন কাঠামোতে স্পষ্ট স্তরভাগ বজায় রাখা হয়েছে।




