মাহমুদুল হাসান, বানারীপাড়া
‘মাদককে না বলো, মাদক ছেড়ে মাঠে চলো’—এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২০ ও এসএসসি ব্যাচ ২০২৪।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ১-০ গোলে এসএসসি ব্যাচ ২০২৪ বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৌরভ, যুবদল নেতা সোহাগ মুন্সি, রাব্বি সরদার, আকিব হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম।
খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থেকে তরুণ সমাজকে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করার এই প্রচেষ্টাকে অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।




