শোকজ ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ছাত্রদলের হামিম

ডেস্ক রিপোর্ট

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এর প্রেক্ষিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘চেইন অব কমান্ড’ সব ক্ষেত্রে অনুসরণ করা জরুরি উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়ে কড়া জবাব দিয়েছেন হামিম।

শেখ তানভীর বারী হামিম বলেন, “‘চেইন অব কমান্ড’ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বেও যথাযথভাবে নির্দেশনা অনুসরণ না করার কারণে মুসলমানদের পরাজয়ের ঘটনা ইতিহাসে আছে। তাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে শোকজ দিয়েছে, আমি একজন আদর্শিক কর্মী হিসেবে এর লিখিত জবাব দেবো।”

তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা। সংগঠনের বিভিন্ন কর্মসূচি, মিছিল ও নেতৃত্বে তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে সুযোগ পেয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

হামিম বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরাই ছিল তার লক্ষ্য। কোনো সংগঠনে কেউই চেইন অব কমান্ডের ঊর্ধ্বে নয়, আমিও নই। তবে শিক্ষার্থীদের প্রশ্নে সবসময় আপসহীন ছিলাম।’

ছাত্রদলের এই নেতা জানান, সাংগঠনিক শৃঙ্খলা মেনেই ছাত্রদলকে এগিয়ে নিতে চান। ভবিষ্যতে সময়োপযোগী ও যুগোপযোগী ছাত্রদল শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিডিও বার্তার শেষে তিনি তার বক্তব্যকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে বলেন, ‘জেসিডি ইজ মাই রুট, ওয়াজ মাই রুট, অ্যান্ড উইল বি মাই রুট।’

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় হামিম জানান, দল থেকে দেওয়া শোকজ নোটিশের লিখিত জবাব তিনি সংগঠনের নিয়ম মেনেই দেবেন। তিনি দাবি করেন, শোকজপত্র হাতে পাওয়ার আগেই বিষয়টি ফেসবুকে দেখতে পান এবং কিছু অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’ ও শিবির-সংশ্লিষ্টতার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। এতে মানসিকভাবে বিচলিত হয়ে ওই ভিডিও বার্তা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top