
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে আগুন লেগেছে। এটি বিশ্বেরও সবচেয়ে বড় রণতরি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মার্কিন নাবিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
তবে ইরান যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, জেরাল্ড ফোর্ডের কাপড় ইস্ত্রি করার অংশে আগুনের সূত্রপাত হয়। তবে এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুণ্ন আছে। আর যে দুজন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানবাহী রণতরিটির প্রোপালশন প্ল্যান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সম্পূর্ণ অপারেশনাল আছে।’
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড আর. ফোর্ডকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।




