সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়ল বিএসএফের ড্রোন

বরিশাল জার্নাল ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি আছড়ে পড়লে সেটিকে হেফাজতে নেয় বিজিবি।

 

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। এ সময় হঠাৎ কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি বাংলাদেশের মুগলিবাড়ী সীমান্তের অভ্যন্তরে ১৫-২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।

 

ড্রোনটি আছড়ে পড়ার পর বিএসএফ সদস্যরা সীমান্তের ওপারে জড়ো হতে শুরু করলে জমিতে কর্মরত স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, ড্রোনটি বর্তমানে তাদের হেফাজতে আছে। বিষয়টি এরই মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

এ প্রসঙ্গে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ড্রোনটির বিষয়ে জানতে চেয়েছেন। ড্রোনটি বর্তমানে বিজিবির আওতায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top