সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পরে এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top