বরিশাল জার্নাল ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় ২৭ মে দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে এ দিন ঠিক করেছেন আদালত।
এর আগে, মঙ্গলবার প্রথম দিনের শুনানি হয়। ওইদিন মামলার সাক্ষ্য প্রমাণের নানা অসঙ্গতি তুলে ধরেন আজহারের আইনজীবী।
জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।
গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন (লিভ গ্রান্ট করে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী বিষয়টি আপিল শুনানির জন্য আসে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম।




