১১ দলীয় জোটের বিক্ষোভ আজ

বরিশাল জার্নাল ডেস্ক

গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জোটের নেতারা জানান, তারা জুলাই সনদ বাস্তবায়ন ও সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের ফল অনুযায়ী সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করবেন তারা। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১ দলীয় ঐক্যজোটের লিয়াঁজো কমিটির এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথে হাঁটছে। সরকার সংসদ পরিচালনায় অক্ষম এবং জনগণের স্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই।

এদিকে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকার যদি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করে তবে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের বৈঠকে আরও কঠোর ও দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

জামায়াতের এ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ভূমিকার প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। এরপর তিনি আন্দোলনের কথা জানান। তারই ধারাবাহিকতায় ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে এ বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top