বানারীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে চাঁদা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরিশাল জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার ওই দুই নেতার পাশাপাশি নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকেও একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাইশারী ইউনিয়নে বিভাস ঋষি নামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে রফিক মল্লিক ও মাকসুদুর রহমান ডালিমের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমদিকে শালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদল বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বহিষ্কার করে এবং ভুক্তভোগী বিভাস ঋষির পরিবারের খোঁজখবর নেয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top