
জাতীয় ঐক্যই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু জাতি বিভক্ত থাকলে রাষ্ট্র কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। ঐক্য ধরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনো একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোনো বিভক্ততে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাষ্ট্র পরিচালনার সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, বিভক্ত জাতি দিয়ে কখনো রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এজন্য তিনি জাতীয় স্বার্থকে দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ওপরে রাখার গুরুত্ব তুলে ধরেন।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনাদের মধ্য থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠান— সব জায়গায় ঐক্যের মনোভাব ধারণ ও বাস্তবায়ন করতে হবে। ঢাকা পোস্ট




