
ডেস্ক রিপোর্ট
দেশের উন্নয়নে সরকারের যেকোনো উদ্যোগে জামায়াত সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।
তিনি বলেন, জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না। দেশের উন্নয়নে সরকারের যেকোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে।

ইফতার মাহফিলে জামায়াতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।
তিনি বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন আজকে এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি- যাতে আগামী দিনে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।
ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঢাকা পোস্ট




