
বরিশাল জার্নাল ডেস্ক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। বিষয়টি পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
কোন পর্যায়ের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে জানাতে চাইলে তিনি বলেন, কী হবে এটা বলা যাবে না। আমরা আলোচনা করছি, ঠিক আছে। আমাদের ভাবতে হবে, এই ওয়ার ক্রাইসিস (যুদ্ধ পরিস্থিতি) কীভাবে ফেস (মোকাবিলা) করব, সেটা আমরা চিন্তা করছি। সব বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।
ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এক মাস পার হয়েছে। চলমান এই যুদ্ধ কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে বিশ্ব অর্থনীতি দিন দিন বড় ধরনের সংকটের মুখে পড়ছে।
বিশেষ করে অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ও এলএনজি সরবরাহে দেখা দিয়েছে নজিরবিহীন সংকট। যার প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান পরিস্থিতিতে আপাতত ৯০ দিনের স্বল্পমেয়াদি পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। পরিকল্পনার মধ্যে সাপ্তাহিক সরকারি ছুটি এক দিন বাড়ানো অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ, অফিসের সময়সূচিতে পরিবর্তন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনসহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
এ ছাড়া অফিস চলাকালে শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।




