বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ মঙ্গলবার) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যকালে রুহুল আমিন গাজীর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন
রুহুল আমিন গাজী কিডনি-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাযা শেষে শাহজাহানপুর কবরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে।
রুহুল আমিন গাজী ১৯৫৬ সালের ১২ নভেম্বর চাদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৌলভী কফিল উদ্দিন, মাতা আয়েশা খাতুন। সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ৪র্থ বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএফইউজে’র মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজের দাবী আদায়ে বলিষ্ট কন্ঠস্বর ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন।




