বরিশাল জার্নাল ডেস্ক
জাতীয় সংসদে আবারও শব্দ ও মাইক বিভ্রাটের ঘটনা ঘটেছে। দুই দিনের বিরতির পর রবিবার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ৮ম দিন চলাকালে এই মাইক ও শব্দ বিভ্রাটের ঘটনা ঘটে। মাইক-শব্দ বিভ্রাটের কারণে বিকাল ৫টা ৫৫ মিনিটে এক পর্যায়ে ৪০ মিনিটের জন্য সংসদ মূলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ।
সংসদ মূলতবি ঘোষণার আগে স্পিকার বারবার সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন, মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা কি আমার কথা শুনতে পারছেন?
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য রাখছিলেন। চিফ হুইপের বক্তব্য স্পিকার হাফিজ উদ্দিন আহমেদও নিজেও শুনতে পারছেন না বলে সংসদকে জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনেই শব্দযন্ত্রে বিভ্রাট দেখা দিয়েছিল। প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে শব্দযন্ত্রে যে বিভ্রাট দেখা দিয়েছিল তা ‘অন্তর্ঘাত’ কি না তা তদন্তে কমিটি গঠন করে ‘সংসদ কমিটি’। সার্জেন্ট অ্যাট আর্মস নেতৃত্বাধীন এ কমিটিকে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সেই কমিটির তদন্ত প্রতিবেদন আসতে না আসতেই ফের শব্দ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি করার ঘটনা ঘটল।




