এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম বর্ষপূর্তি শনিবার (২৮ ফেব্রুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে দলটি। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

 

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উদ্যোগে এনসিপির অভিযাত্রা শুরু হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার ভূমিকা রাখে সংগঠনটি।

 

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থেকে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে এক বছরে আলোচিত এই দলটি আজ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বছরে পদার্পণ করছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিস্তারিত জানান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, এক বছর পূর্তিতে আমরা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী শক্তি, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক—সবার সঙ্গে মিলে এই দিনটি উদযাপন করছি।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আবাহনী মাঠে শুরু হবে এই আয়োজন। সেখানে থাকবে সম্মিলিত ইফতার, শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের সম্মাননা।

 

আয়োজনের অংশ হিসেবে চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ শিরোনামে এক বিশেষ প্রোমো চলবে, যেখানে ফুটে উঠবে গত এক বছরে দলটির রাজনৈতিক পথচলার নানা দিক। দর্শনার্থীদের জন্য থাকছে ফটো বুথের ব্যবস্থাও।

 

শুধু ঢাকা নয়, সারাদেশে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে এনসিপি।

 

আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় পর্যায়ে এবং ৩ মার্চ কুমিল্লায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গুণীজনরা অংশ নেবেন বলে দলটি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top