বরিশাল জার্নাল ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা বাইরের সার্ভিস লাইনের তার নিয়ে যায় অজ্ঞাতব্যক্তিরা। যা পরে উদ্ধার করা হয়েছে এবং জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেল তাতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে আইজিপির বাগেরহাট বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এই সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, গত সোমবার (১৬ মার্চ) আনুমানিক রাত ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪ ) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের গ্রেপ্তারের বিষয়টি বুধবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এশিয়া পোস্ট




