
ডেস্ক রিপোর্ট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি। ইরানি কর্মকর্তাদের বরাতে তাদের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।
পশ্চিমা সূত্রের বরাতে তাদের মৃত্যুর খবর আগেই প্রচার করেছিল রয়টার্স। তবে ইরানের পক্ষ থেকে শুরুতেই শীর্ষ কর্মকর্তাদের হত্যার বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি। অবশেষ রোববার (১ মার্চ) দেশটির কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহতের খবর জানিয়েছিল তেহরান। আইআরএনএ জানিয়েছে, হামলায় সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে ঘোষণা করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে খবর প্রচার করেছে দেশটির গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।’
দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলা নিয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। শনিবারের ওই হামলায় নিহত হয়েছেন খামেনি ও তার শীর্ষ বেশ কয়েকজন সহযোগী।




