ইসরায়েলি হামলায় ইরানের পাঁচ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলের হামলায় ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। সেখানে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।

এদিকে আরেক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সংযুক্ত আরব আমিরাতে দেশটির ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন।

হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রের নাগরিকদের এবং জাতীয় প্রতিষ্ঠানকে টার্গেট করার এ কর্মকাণ্ড একটি বিপজ্জনক উত্তেজনা ও কাপুরুষতাপূর্ণ কাজ। এটি আমাদের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে।’

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইরান। প্রথম দফায় বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর পর এবার নতুন করে জর্ডান, সৌদি আরব, কুয়েতে হামলা চালিয়েছে দেশটি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একের পর এক হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে সিরিয়া আর মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top