ইরান যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র

বরিশাল জার্নাল ডেস্ক

এক মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে ইতি টানার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান থেকে সরে আসার পরিকল্পনা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ এখনই পুরোপুরি শেষ হচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার সামরিক লক্ষ্য অর্জন করেছে। কিন্তু চূড়ান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় অভিযান চালানো হতে পারে।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছুদিন এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে আর ফিরে আসতে না হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানি সরকারের সক্ষমতাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে তারা দীর্ঘ সময়ের জন্য সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে না পারে।

তবে এই সংঘাতের প্রভাব যে যুক্তরাষ্ট্রের ভেতরেও পড়ছে, তা স্বীকার করেছেন তিনি। বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি ভ্যান্স উল্লেখ করেন। যদিও তার দাবি, এটি সাময়িক এবং পরিস্থিতি স্থিতিশীল হলে দাম আবার কমে আসবে।

একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে অবস্থান করতে চায় না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা এক বা দুই বছর পরেও সেখানে থাকতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি, শিগগিরই সরে আসব এবং গ্যাসের দামও আবার কমবে।

 

সূত্র: আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top