খামেনিকে যেভাবে হত্যা করল মার্কিন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নিজ কার্যালয়ে খামেনিকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র।

 

শনিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

 

ফারসের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ‘অর্পিত দায়িত্ব পালনের সময়’ আয়াতুল্লাহ আলী খামেনিকে তার কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা করে শহীদ করা হয়েছে।

 

আলজাজিরা জানিয়েছে, খামেনির হত্যার খবর প্রকাশের পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় লোকজনের ঢল নেমে এসেছে। সমগ্র ইরানজুড়ে শোকের ছায়া নেমেছে। খামেনি নিহতের ঘটনায় ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করেছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোক প্রকাশ করেছে ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত এই মহান নেতার বৈধতা ও তার আন্তরিক সেবার স্বীকৃতি।’

 

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছেড়ে দেবে না।’ পাশাপাশি তারা ঘোষণা করেছে, দেশীয় ও বিদেশি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে দাঁড়াবে।

 

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন। সে সময় এই দাবি প্রত্যাখ্যান করেছিল ইরান।

 

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্যই ন্যায়বিচার নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের মানুষের জন্যও, যাদের খামেনি ও তার রক্তপিপাসু সহযোগীরা হত্যা বা বিকলাঙ্গ করেছে।’

 

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি কিংবা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top