আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের পাল্টা হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলে অভিহিত করেছে ওয়াশিংটন।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। খবর দ্য ডনের।

 

এক্স পোস্টে হুকার বলেন, তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন এবং ‘পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা’ জানিয়েছেন।

 

পোস্টে মার্কিন আন্ডার সেক্রেটারি আরও লেখেন, ‘আমরা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি এবং তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি।’

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে হস্তক্ষেপ করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পাকিস্তানের শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন।

 

ট্রাম্প বলেন, ‘আমি (হস্তক্ষেপ) করব। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাদের একজন মহান প্রধানমন্ত্রী, একজন মহান জেনারেল। তাদের একজন মহান নেতা। দুজনকেই আমি অনেক সম্মান করি। পাকিস্তান অসাধারণ ভালো করছে।’

 

কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে ‘অপারেশন গজব-লিল-হক’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের হামালায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও।

 

ইসলামাবাদ ধারাবাহিকভাবি অভিযোগ করে আসছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপিকে (তেহরিক-এ-তালেবান পাকিস্তান) সমর্থন দিচ্ছে তালেবান সরকার। তবে আফগান তালেবান এ অভিযোগ অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা হিসেবে উল্লেখ করে তাদের নিরাপত্তাব্যবস্থা উন্নত করার পরামর্শ দেয়।

 

যুক্তরাষ্ট্রের নথিতে তালেবান নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী। মার্কিন বাহিনীর সঙ্গে দীর্ঘ দিন লড়াই শেষে ২০২১ সালে আবারও আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। পরে গোষ্ঠীটিকে বিবৃতি দিয়ে ‘সন্ত্রাসী’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top