মঠবাড়িয়ায় একদিনে দুই খুন

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে প্রতিপক্ষ ও দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন দুই ব্যক্তি।  রবিবার দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে ঘটে এসব হত্যাকাণ্ডের ঘটনা।

স্থানীয়রা জানিয়েছেন, আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলজুরি গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় মোহাম্মদ ইউসুফ শরীফকে। তিনি ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।

পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরিফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন মিলে ধারালো দা দিয়ে ইউসুফের গলা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অন্যদিকে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে মাজু হাওলাদার বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম ওই এলাকার জালাল হাওলাদারের ছেলে। স্থানীয় দক্ষিণবন্দর মাছ বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় রেডিমেড জামাকাপড়ের ব্যবসা করতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাপের বাড়িতে থাকায় আজ দুপুরে ঘরে একাই ছিলেন তিনি। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, ফুলজুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top