১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।

এ সংক্রান্ত একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এতে সরওয়ার জামাল নিজাম বলেন, চাতরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।

তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। এ অবস্থায় তিনি ‘দুই হাত জোড় করে’ অনুরোধ জানিয়ে বলেন, ‘এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’

সরওয়ার নিজাম বলেন, বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বক্তব্যটির তাৎপর্য নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে নির্বাচনী পরিবেশ ঘিরে উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, একজন প্রার্থীর মুখে এ ধরনের বক্তব্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top