
বরিশাল জার্নাল ডেস্ক
দিনাজপুর-৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মাহবুব মোর্শেদ তমাল জানান, সীমুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তাকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সীমু লিখেছেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায়, জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’
ওই পোস্টে নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি যদি হেরে যাই, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে। তোমরা শিবলী সাদিককে ছেড়ো না, আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালো না বাসে আমি সেই ধরনের মেয়েই না যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইব, কিন্তু আমার ৭ বছরের চেষ্টাকে ওই ‘জানোয়ার শিবলী’ বলে ‘আমি মন থেকে করিনি বা যা করেছি এটা আমার দায়িত্ব।’
মেয়ের জন্য দোয়া করে সীমু আরও লিখেছেন, ‘স্নেহা তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু-আব্বু তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক তার ‘ঘনিষ্ঠ নারী’ ও শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল আমি জানি, বাট উনাদের অনেক টাকা আছে এসব ধামাচাপা পরে যাবে।’
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে সীমু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য কলহের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। ঘটনার দিন তিনি অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ করলে অসুস্থ হয়ে পড়েন।
২০১৯ সালে শিবলী সাদিকের সঙ্গে সীমুর বিয়ে হয়। এর আগে ২০১১ সালে তিনি সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেছিলেন শিবলী সাদিক। পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এশিয়া পোস্ট




